আলিপুরদুয়ার জেলা পরিষদের তিন সদস্যের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন এনে সদস্যপদ খারিজ করতে চায় তৃণমূল
দি নিউজ লায়ন; ভোটের আগে ভাজপায় যাওয়া আলিপুরদুয়ার জেলা পরিষদের তিন সদস্যের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন এনে তাদের সদস্যপদ খারিজ করতে চায় তৃণমূল। ইতিমধ্যেই তাদের সদস্য পদ খারিজের জন্য ব্যাবস্থা গ্রহনের অনুমতি চেয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। জেলা পরিষদে তৃণমূলের ওই তিন সদস্য হলেন মোহন শর্মা, পদ্মা রায় ও পাশাং ডিকি শেরপা।
সভাধিপতির ওই চিঠির কপি দলের জেলা সভাপতি মৃদুল গোস্বামীকেও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য গত ২ এপ্রিল ফালাকাটায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার দিনই কালচিনির সুভাষিনী চা বাগানের মাঠে অমিত শাহের সভায় তৃণমূল ছেড়ে নিজের অনুগামী পদ্মাদেবী ও পাশাং ডিকি শেরপাকে নিয়ে বিজেপি’তে যোগ দেন মোহন।
মোহনদের বিজেপি’তে যাওয়ার সংবাদপত্রে প্রকাশিত খবরের কাগজের কাটিং, ভিডিও ও অন্যান্য প্রামান্য নথিপত্রও যোগাড় করেছে জেলা পরিষদ ও তৃণমূল নেতৃত্ব।
পরিষদের পাঠানো ওই চিঠির সঙ্গেই মোহনবাবুদের বিজেপি’তে যাওয়ার ওই প্রামান্য নথিপত্র জেলা তৃণমূল নেতৃত্ব রাজ্যে পাঠিয়েছে বলে খবর। সভাধিপতি শীলা দাস সরকার বলেন, তৃণমূল ছেড়ে বিজেপি’তে যাওয়া পরিষদের ওই তিন সদস্যের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে রাজ্যে চিঠি পাঠানো হয়েছে। দলের জেলা সভাপতিকেও ওই চিঠি দেওয়া হয়েছে।
রাজ্য থেকে অনুমতি এলেই আমরা আইনি পদক্ষেপ গ্রহন করব।" তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুলবাবু বলেন, জেলা থেকেও দলের তরফেও আলাদা করে পরিষদের পাঠানো ওই চিঠি রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হচ্ছে। জেলা পরিষদে আমাদের দলই সংখ্যাগরিষ্ঠ। তাই দলত্যাগ বিরোধী আইনে পরিষদের ওই তিন সদস্যের সদস্য পদ খারিজের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন করা হয়েছে। প্রামান্য নথিপত্রও পাঠানো হচ্ছে।"

Post a Comment